সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক সক্রিয় চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ চোরাই ডিজেল ও পেট্রোল উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে চক্রের একাধিক সদস্যকে আটক করা হয়। একই সঙ্গে চোরাই তেল পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তেল খালাসের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলকারী বিভিন্ন তেলের লরি ও ট্যাংকার থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল চুরি করে আসছিল একটি প্রভাবশালী চক্র। চক্রটি মহাসড়কের পাশে অবৈধ ডিপো বানিয়ে রাতে ও দিনে লরিচালকদের যোগসাজশে তেল চুরি করত।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে মহাসড়ক সংলগ্ন কয়েকটি পয়েন্টে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া চোরাই তেলের সুনির্দিষ্ট পরিমাণ এবং আটক ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এদিকে স্থানীয় অধিবাসীদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ও প্রত্যক্ষ সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চলে আসছিল। এতে একদিকে রাষ্ট্রীয় সম্পদ চুরি হচ্ছিল, অন্যদিকে আবাসিক এলাকার পাশে অপরিকল্পিতভাবে দাহ্য পদার্থ মজুত করায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চোরাই তেল সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।