সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিএনপি নেতা ডা. মো. মামুন ভূঁইয়ার একটি ছবি কৃত্রিমভাবে বিকৃত (সুপারইম্পোজ) করে মদ্যপানের দৃশ্য বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি এবং স্থানীয় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
তাদের দাবি, এলাকার সাধারণ মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠায় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল এই জঘন্য ও সুপরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. মো. মামুন ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা এবং নানাবিধ সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় এলাকাবাসীর মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ও পরিচিতি তৈরি হয়। তবে তাঁর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একটি স্বার্থান্বেষী ও প্রভাবশালী মহল রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে পড়ে। এরই অংশ হিসেবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তাঁর ছবি এডিট করে চরিত্রহননের অপচেষ্টা শুরু করা হয়।
আজ এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়ে ডা. মো. মামুন ভূঁইয়া বলেন, আমি পেশায় একজন চিকিৎসক এবং দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা বিস্তার ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এলাকাবাসীর ভালোবাসা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে আমার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে গেছে। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে ছড়ানো হচ্ছে, যার সাথে বাস্তবতার দূরতম কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আমি কখনোই কোনো অসামাজিক, অনৈতিক বা অসদাচরণের সাথে যুক্ত ছিলাম না। আমার ব্যক্তি ভাবমূর্তি, পারিবারিক সুনাম এবং দলীয় মর্যাদা ক্ষুণ্ন করতেই প্রতিপক্ষরা এই হীন পথ বেছে নিয়েছে। আমি এই বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
ঘটনার প্রতিবাদ জানিয়ে নোয়াগাঁও ইউনিয়ন ও সোনারগাঁও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বলেন, ডা. মো. মামুন ভূঁইয়ার মতো একজন মার্জিত, শিক্ষানুরাগী ও জনপ্রিয় সমাজসেবকের বিরুদ্ধে কাল্পনিক ও বিকৃত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা একটি গুরুতর অপরাধ। অবিলম্বে এই সাইবার অপরাধের নেপথ্যে থাকা কুচক্রী মহলকে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার ক্রাইম ইউনিটের প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে ডা. মো. মামুন ভূঁইয়া জানান, চিহ্নিত অপপ্রচারকারী ও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুতই ডিজিটাল ও সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হবে।