নারায়ণগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার নারায়ণগঞ্জ ক্যাম্পাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট আলেম-উলামা, শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জের জামেয়া দাওয়াতুল কুরআনের শায়খুল হাদিস ও মুহতামিম মুফতি মামুনুর রশীদ, মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ নোমান, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, উস্তাযুল হুফফাজ শাইখ কারী মাওলানা ইলিয়াস লাহোরী, আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, মুফতি আব্দুল কাইয়ূম এবং মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে নগদ শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, পদক ও ইসলামি বইসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাঁদের মধ্যে জ্ঞানার্জন, নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনের প্রতি আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক ও আদর্শিক শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায়ের প্রতি আহ্বান জানান।
আয়োজকেরা জানান, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাঁদের প্রতিভার বিকাশ ঘটানো এবং শিক্ষা ও চরিত্র গঠনে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।