আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবার নাম মুন্না এবং রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর ও রুবাইয়ার বাবার নাম রাকিব। এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়ালেখা করে।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে শিশুগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পেয়ে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় মুন্নার বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে নেমে তল্লাশি চালিয়ে চারজনকেই অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সন্ধ্যায় দ্রুত দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. শিমুল জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুগুলোর মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
একসঙ্গে চার শিশুর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।