আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের এ দণ্ড কার্যকর করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে ঘটনাটি কোন মসজিদে ঘটেছিল, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা ও স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে দণ্ড কার্যকরের নির্দেশ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।
সূত্র: সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি; প্রকাশিত সংবাদ প্রতিবেদন।