আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিহত ২৭৭ জন সেনার লাশ বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। বেলারুশের সীমান্তবর্তী এলাকার একটি চেকপয়েন্টে এই প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা।
প্রতিবেদন অনুযায়ী, গোমেল অঞ্চলের ‘নোভায়া গুতা’ চেকপয়েন্টে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই মরদেহ হস্তান্তর করা হয়। প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনের কাছে ২৫২টি মরদেহ হস্তান্তর করে। বিনিময়ে ইউক্রেন রাশিয়াকে ২৫ জন সেনার লাশ ফেরত দেয়।
সংবাদ সংস্থা বেলটা জানায়, বেলারুশের ভূখণ্ডে এ পর্যন্ত দুই দেশের মধ্যে ৭০টিরও বেশি মানবিক সহায়তা কার্যক্রম এবং নিহত সেনাদের মরদেহ হস্তান্তর সংক্রান্ত যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
ঘটনাস্থলের প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) নিরপেক্ষ পর্যবেক্ষকদের উপস্থিতিতে ও সরাসরি তদারকিতে এই মরদেহ হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সংশ্লিষ্টদের মতে, যুদ্ধবন্দি বিনিময়ের ক্ষেত্রে সাধারণত সমসংখ্যার ভারসাম্য বজায় রাখা হলেও, রণক্ষেত্রে নিহত সেনার লাশ ফেরতের প্রক্রিয়ায় এমন সংখ্যার ব্যবধান একটি স্বাভাবিক বিষয়।
উল্লেখ্য, রাশিয়া বা ইউক্রেন কোনো পক্ষই তাদের সামরিক বাহিনীর প্রকৃত হতাহতের পূর্ণাঙ্গ কোনো পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্বে তাদের নিহতের যে হিসাব প্রকাশ করেছিলেন, তা কিয়েভপন্থী অনেক বিশ্লেষকের কাছেও বাস্তবতার তুলনায় বেশ কম বলে মনে হয়েছে।